একাদশে আবেদন ও ভর্তি চলবে কাল পর্যন্ত
- আপডেট : ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 3
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুসারে মাইগ্রেশনের ফল রোববার রাত ৮টায় প্রকাশ করা হয়েছে। মাইগ্রেশনে নির্বাচিত শিক্ষার্থীদের আজ ও আগামীকালের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বোর্ড জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির এ তৃতীয় ধাপই হবে সর্বশেষ সুযোগ। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন, নিশ্চায়ন ও ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা শেষ ধাপে আবেদন করতে পারবেন
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করেনি অথবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।
আবেদনের সময় কলেজগুলোর শূন্য আসন বিবেচনায় পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। এ ক্ষেত্রে একাদশ শ্রেণির ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।
তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।
কোটা ও ভর্তি-সংক্রান্ত নির্দেশনা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটায় আবেদন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই করতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা তৈরি হলে তার দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শেষ ধাপের সময়সীমা সংক্ষিপ্ত হওয়ায় আবেদনযোগ্য শিক্ষার্থীদের দ্রুত অনলাইন কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।












